কিশোর গ্যাংয়ের হামলায় শিক্ষার্থী আহত-দেওয়া হলো না পরীক্ষা
কিশোর গ্যাংয়ের হামলায় শিক্ষার্থী আহত-দেওয়া হলো না পরীক্ষা
কিশোর গ্যাংয়ের হামলায় শিক্ষার্থী আহত-দেওয়া হলো না পরীক্ষা
মো. ইব্রাহিম খলিল, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডে কিশোর গ্যাংয়ের হামলায় এসএসসি পরীক্ষার্থী রক্তাক্ত জখম হয়েছে। হামলার কারণে ওই শিক্ষার্থী মঙ্গলবারের পরীক্ষায় অংশ নিতে পারেনি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বাড়বকুণ্ড উচ্চবিদ্যালয়ের ফটকে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম রাকিবুল হাসান। সে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও আসন্ন এসএসসি পরীক্ষার্থী।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাকিবুলের হিসাববিজ্ঞান ও ব্যাকরণ পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে বিদ্যালয়ে প্রবেশের সময় তাকে ডেকে নিয়ে মারধর করা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সে বাড়িতে ফিরে যায়।
আহত শিক্ষার্থীর চাচা মামুন অভিযোগ করে বলেন, “সিয়ামের নেতৃত্বে ৪-৫ জন কিশোর দেশীয় অস্ত্র নিয়ে আমার ভাতিজার ওপর হামলা চালায়।
পরীক্ষা দিতে স্কুলে ঢোকার সময় তাকে ডেকে নিয়ে মারধর করে রক্তাক্ত জখম করা হয়। হামলার পর সিয়াম তাকে স্কুলের আশপাশে পেলে হত্যার হুমকিও দিয়েছে।”
তিনি আরও বলেন, “আমার ভাতিজা পরীক্ষা দিতে স্কুলে গেলে তার ওপর হামলা করা হয়েছে।
এ ঘটনায় প্রশাসনের সহযোগিতা চাই। হামলাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করতে হবে। পরীক্ষায় অংশ নিতে না পারায় তার শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।”
মামুন জানান, এর আগেও সিয়ামের বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণ এবং শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ উঠেছিল।
এ নিয়ে শিক্ষার্থীরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিল। তখন তিনি ও বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জয়ানল আবেদীন কাজী বাবলু শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করেন।
পরে সিয়ামের কাছ থেকে মুচলেকা নিয়ে বিষয়টি মীমাংসা করা হয়েছিল বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে বাড়বকুণ্ড উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থী আহত হওয়ার কথা তিনি শুনেছেন। তবে সে পরীক্ষা দিতে পারেনি কি না, তা তাঁর জানা নেই। কী বিষয় নিয়ে মারামারির ঘটনা ঘটেছে, সেটিও তিনি জানেন না।
এ বিষয়ে বুধবার (১১ নভেম্বর) সংশ্লিষ্টদের বিদ্যালয়ে ডাকা হয়েছে।
এদিকে ঘটনার বিষয়ে জানতে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলামের সরকারি মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, তা জানা যায়নি। তবে পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের অভিযোগ, স্কুলের আশপাশে দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য চলছে। ছাত্রীদের উত্ত্যক্ত, শিক্ষার্থীদের মারধর ও ভয়ভীতি দেখানো এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। স্কুল চলাকালীন সময়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করলে এ ধরনের ঘটনা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
Related Articles
জাতীয়
লাকসামে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
লাকসামে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিক্ষা-সাহিত্য
ধামইরহাটে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন
ধামইরহাটে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন
শিক্ষা-সাহিত্য
জিপিএ-৫ প্রাপ্তদের মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সংবর্ধনা প্রদান
জিপিএ-৫ প্রাপ্তদের মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সংবর্ধনা প্রদান
শিক্ষা-সাহিত্য
এইচএসসিতে সাফল্য ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী-শিক্ষকদের আনন্দ র্যালি
এইচএসসিতে সাফল্য ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থী-শিক্ষকদের আনন্দ র্যালি
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন