কুমিল্লায় কালীরবাজার ইউনাইটেড পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৮৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী উদ্যাপন
কুমিল্লায় কালীরবাজার ইউনাইটেড পাবলিক উচ্চ বিদ্যালয়ের
৮৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী উদ্যাপন
সৌরভ মাহমুদ হারুন, কুমিল্লা উত্তরঃ
আট দশকেরও বেশি সময় ধরে শিক্ষা বিস্তারের ঐতিহ্য ধারণ করে গৌরবের ৮৩ বছর পূর্ণ করেছে কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালীরবাজার ইউনাইটেড পাবলিক উচ্চ বিদ্যালয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ৮৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ণাঢ্য পুনর্মিলনী। দীর্ঘ এক বছরের প্রস্তুতি শেষে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ পরিণত হয় আনন্দ, আবেগ, স্মৃতিচারণ ও সম্প্রীতির মিলনমেলায়।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ আয়োজনে দীর্ঘদিনের বিচ্ছেদ ভুলে পুরোনো সহপাঠী ও শিক্ষকদের কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। কেউ ফিরে যান শৈশব-কৈশোরের দুরন্ত দিনগুলোতে, কেউবা স্মৃতির ঝাঁপি খুলে ভাগাভাগি করেন বিদ্যালয়জীবনের নানা ঘটনা। পরিচিত মুখের সঙ্গে পুনর্মিলন, কুশল বিনিময় ও হৃদ্যতাপূর্ণ আড্ডায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় পুরো প্রাঙ্গণে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল কৃষিমন্ত্রী হাজী মোহাম্মদ আমিনুল ইসলাম ইয়াসিনের। তবে বিশেষ কারণে তাঁরা অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। তাঁ
দের অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি মোহাম্মদ মাহবুব আলম মানিক।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে অতিথিদের বক্তব্যে উঠে আসে বিদ্যালয়ের ৮৩ বছরের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা বিস্তারে অবদান এবং ভবিষ্যৎ অগ্রযাত্রার নানা দিক। বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ তাজুল ইসলাম, শফিউল আলম রায়হান, মোহাম্মদ জহিরুল হক ভূঁইয়া, মো. মাহাবুবুল হক, মো. আব্দুল হক ভূঁইয়া, মো. মোরশেদ হোসেন শাকিল, মোহাম্মদ তাজুল ইসলাম, মো. গোলাম মোস্তফা বাচ্চু, মো. আব্দুল মান্নান, মো. রাকিবুল হাসান রাসেল, আব্দুল হান্নান ও জাহিরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা।
দুপুরের বিরতির পর শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্লোজআপ ওয়ানের শিল্পীদের সংগীত পরিবেশনায় উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। গান, আড্ডা, স্মৃতিচারণ ও আনন্দঘন মুহূর্তে মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। দিনব্যাপী এ আয়োজন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে তৈরি করে এক নিবিড় বন্ধনের আবহ।
আয়োজকদের প্রত্যাশা, এ পুনর্মিলনী কেবল অতীতের স্মৃতিচারণেই সীমাবদ্ধ থাকবে না; বরং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রেরণা জোগাবে।
৮৩ বছরের গৌরবময় ঐতিহ্যকে ধারণ করে কালীরবাজার ইউনাইটেড পাবলিক উচ্চ বিদ্যালয়ের এ প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী হয়ে উঠেছে প্রজন্মের সঙ্গে প্রজন্মের সেতুবন্ধন, পুরোনো বন্ধুত্বের নবায়ন এবং প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা প্রকাশের এক স্মরণীয় আয়োজন।
Related Articles
শিক্ষা-সাহিত্য
মানবতার কল্যাণে কার্যকর জাতিসংঘ চাই
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
শিক্ষা-সাহিত্য
চান্দিনায় বড় গোবিন্দপুর আলী মিয়া ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
Article excerpt text goes here to give readers a preview of the full story content.
মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মতামত দিন।
মন্তব্য করুন